গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ছয় নেতা দলটির প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।রোববার (২৩ আগস্ট) দুপুরে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানান।পদত্যাগকারী নেতারা হলেন কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সত্যেন্দ্র নাথ সরকার, বাদল বিশ্বাস, গোপাল চন্দ্র বিশ্বাস, দীপক মল্লিক, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হিরামন বিশ্বাস এবং সদস্য ব্যাসদেব মল্লিক।সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে তারা জানান, রোববার থেকেই স্বেচ্ছায় ও সচেতনভাবে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে সরে দাঁড়িয়েছেন তারা।তারা আরও জানান, পদত্যাগের পর আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক থাকবে না। ভবিষ্যতেও দলটির কোনো কার্যক্রম বা সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নেবেন না বলে ঘোষণা দেন। এদিকে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে কাশালিয়া ইউনিয়নের এসব নেতার পদত্যাগের ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।