দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, মঞ্জুরুলের ২ দিনের রিমান্ড
রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকায় ক্রোকারিজের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় করা অস্ত্র আইনের মামলায় মঞ্জুরুল ইসলাম নামে এক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, গত শনিবার রাত সোয়া ৮টার দিকে দক্ষিণ দনিয়া-শনিরআখড়া এলাকায় একটি ক্রোকারিজের দোকানে ঢুকে ব্যবসায়ী মো. আসলাম খানকে গুলি করা হয়। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে পুলিশের ভাষ্য।ঘটনার পর স্থানীয়দের সহায়তায় মঞ্জুরুল ইসলামকে আটক করা হয়। পুলিশ দাবি করেছে, তার কাছ থেকে দুটি পিস্তল, নয় রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ আসলাম খানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।এ ঘটনায় কদমতলী থানার এসআই অশোক কুমার সরকার বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঞ্জুরুলকে রোববার কারাগারে পাঠানো হয়। পরে তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এসআই মিঠুন মণ্ডল পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।মঙ্গলবার শুনানিতে মঞ্জুরুলকে আদালতে হাজির করা হলে তার মাথায় ব্যান্ডেজ দেখা যায়। আদালতের কাছে নিজের বক্তব্যে তিনি দাবি করেন, তিনি গুলি করেননি; গুলি করেছেন জসীম নামে আরেক ব্যক্তি।মঞ্জুরুল আরও দাবি করেন, পুরোনো মোটরসাইকেল সংক্রান্ত বিরোধের জেরে জসীমের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। স্ত্রী ও মেয়ের ক্ষতির ভয় দেখিয়ে তাকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছিল বলেও আদালতে দাবি করেন তিনি।রিমান্ড না দেওয়ার আবেদন জানিয়ে মঞ্জুরুল বলেন, তার শারীরিক ও মানসিক অবস্থা ভালো নয়। রিমান্ডে নিলে তার বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও বিচারকের কাছে আশঙ্কা প্রকাশ করেন তিনি।তবে উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত মঞ্জুরুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।