কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে লিখিত ও ভিডিও মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা ওই যুবক দীর্ঘদিন ধরে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থীকে বিভিন্নভাবে হেনস্তা করে আসছিলেন। ভুক্তভোগী শিক্ষার্থী কুমিল্লায় চলে আসার পরও তিনি তাকে অনুসরণ করতে থাকেন বলে অভিযোগ রয়েছে।বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে ওই শিক্ষার্থীকে উত্যক্ত করার সময় সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেন।পরে প্রক্টরিয়াল বডি অভিযুক্তের পরিবারের সদস্যদের ডেকে লিখিত ও ভিডিও মুচলেকা নেয়। এরপর তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, এক বহিরাগত আমাদের এক ছাত্রীকে হেনস্তা করলে শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে। পরে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।