মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে বাধার অভিযোগ, এনসিপির প্রতিবাদ

কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশ করতে না দেওয়ার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।সোমবার (২৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে দলটির আহ্বায়ক ও সদস্যসচিব বলেন, শান্তিপূর্ণ সভা-সমাবেশের অধিকার সংবিধান স্বীকৃত। কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করা গ্রহণযোগ্য নয়।বিবৃতিতে এনসিপি নেতারা দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা নতুন বাংলাদেশে ভিন্নমত ও রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই।তারা বলেন, রাষ্ট্র সংস্কারের দাবিতে সোচ্চার একটি রাজনৈতিক দলকে সমাবেশ করতে না দেওয়া গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। শান্তিপূর্ণ মতপ্রকাশ ও সমাবেশের অধিকার কোনো অজুহাতেই সীমিত করা উচিত নয়।এনসিপির নেতারা আরও অভিযোগ করেন, রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার মাধ্যমে পুরোনো দমনমূলক সংস্কৃতির পুনরাবৃত্তি হচ্ছে। তাদের মতে, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।বিবৃতিতে সরকারকে সব রাজনৈতিক দলের সভা, সমাবেশ ও কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।এনসিপি আরও দাবি করে, রাজনৈতিক প্রতিপক্ষ দমনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহার বন্ধ করতে হবে এবং বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। দলটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক অধিকার ও বাক্‌স্বাধীনতা রক্ষায় যেকোনো বাধার বিরুদ্ধে তারা জনগণকে সঙ্গে নিয়ে সোচ্চার থাকবে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে বাধার অভিযোগ, এনসিপির প্রতিবাদ