মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

ওপেক ছাড়ছে আমিরাত, তেলের বাজারে বড় ধাক্কা

দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় পর জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।মঙ্গলবার (২৮ এপ্রিল) নেওয়া এই আকস্মিক সিদ্ধান্ত ১ মে থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। ভিয়েনায় আসন্ন বৈঠকের আগেই এ ঘোষণা আসায় জোটটির ভেতরে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।আমিরাতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ডব্লিউএএম জানায়, উৎপাদন নীতি, বর্তমান সক্ষমতা ও ভবিষ্যৎ পরিকল্পনা পুনর্মূল্যায়নের পর জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত সৌদি আরব-এর নেতৃত্বাধীন ওপেক জোটের জন্য বড় ধাক্কা। দীর্ঘদিন ধরে উৎপাদন কোটা ও ভূ-রাজনৈতিক ইস্যুতে মতপার্থক্য থাকলেও জোটটি ঐক্য ধরে রাখার চেষ্টা করছিল।বর্তমানে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বিরাজ করছে, বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এবং আঞ্চলিক সংঘাতের কারণে সরবরাহ ঝুঁকি বাড়ছে। এই অবস্থায় আমিরাতের প্রস্থান তেলের বাজারকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।আমিরাত জানিয়েছে, তাদের অর্থনীতিতে এখন তেলবহির্ভূত খাতের অবদান প্রায় ৭৫ শতাংশ। একই সঙ্গে ২০২৭ সালের মধ্যে দৈনিক তেল উৎপাদন ৩৪ লাখ ব্যারেল থেকে ৫০ লাখ ব্যারেলে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।এই সিদ্ধান্তকে ডোনাল্ড ট্রাম্প-এর জন্য কৌশলগত সাফল্য হিসেবে দেখছেন অনেকে। কারণ তিনি দীর্ঘদিন ধরে ওপেকের সমালোচনা করে আসছেন এবং তেলের উচ্চমূল্যের জন্য জোটটিকে দায়ী করেছেন।এদিকে আঞ্চলিক নিরাপত্তা ও ইরানকে ঘিরে উত্তেজনাও এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং সহযোগিতার ঘাটতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আমিরাত। সব মিলিয়ে, এই পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ওপেক ছাড়ছে আমিরাত, তেলের বাজারে বড় ধাক্কা