বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
চেকপোস্ট

আটোয়ারীতে ৬ হাজার হাত কারেন্ট জাল জব্দ, আগুনে ধ্বংস

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ৬ হাজার হাত কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দকৃত জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। দেশীয় মাছের প্রজনন, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্য সম্পদ রক্ষায় সরকারের নিয়মিত মনিটরিং কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা ও জব্দকৃত জাল ধ্বংসের সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপা মনি দেবী।অভিযান শেষে ইউএনও রিপা মনি দেবী বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলবে।উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, কারেন্ট জালের ব্যবহার ও বিক্রি—উভয়ই আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও মৎস্য সম্পদের সুরক্ষায় সবাইকে এসব জাল বিক্রি ও ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এদিকে, স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

আটোয়ারীতে ৬ হাজার হাত কারেন্ট জাল জব্দ, আগুনে ধ্বংস