সদর মডেল থানার অভিযানে গাঁজাসহ তরিকুল গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ তরিকুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। সদর মডেল থানাধীন বারঘরিয়া ইউনিয়নের রাইফেলস টাওয়ার চত্বরের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোঃ এসলাম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে তরিকুল ইসলামের হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।গ্রেপ্তার তরিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আকন্দবাড়ীয়া মহারাজপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।চাঁপাইনবাবগঞ্জকে মাদক ও চোরাচালানমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ। পাশাপাশি মাদকসংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।