হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। দলের কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে সশস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।মঙ্গলবার (২৮ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানান তিনি। একই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।নাহিদ ইসলাম অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত ও সশস্ত্র হামলা চালিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই এ ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।তিনি আরও অভিযোগ করেন, এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে গিয়ে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা গাড়ি ভাঙচুরের পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়েছে বলেও দাবি করেন তিনি।এর আগে মঙ্গলবার বিকালে হবিগঞ্জে এনসিপির পদযাত্রা চলাকালে হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। এতে সারজিস আলমসহ দলটির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে।