সোমবার, ০৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মাসুদুর রহমানকে হত্যার হুমকি, থানায় জিডি

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে জামালপুরে কর্মরত দৈনিক সংবাদ সারাবেলা-এর জেলা প্রতিনিধি ও দৈনিক আলোচিত জামালপুর-এর নিজস্ব প্রতিবেদক মাসুদুর রহমানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চেয়ে তিনি জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩৫২, তারিখ: ৫ জুলাই ২০২৬) করেছেন।জিডিতে উল্লেখ করা হয়, মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার তামিম আহমেদ সবুজকে নিয়ে সংবাদ প্রকাশের পর তিনি ক্ষুব্ধ হন। অভিযোগ অনুযায়ী, রোববার সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে হোয়াটসঅ্যাপ কল ও বার্তার মাধ্যমে সাংবাদিক মাসুদুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এছাড়া তার পরিবারের সদস্যদেরও ক্ষতির হুমকি দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।সাংবাদিক মাসুদুর রহমানের দাবি, গত ৪ জুলাই প্রকাশিত একটি সংবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ভিডিও পোস্টের পর থেকেই অভিযুক্ত তাকে বারবার ফোন ও বার্তা দিয়ে সংবাদ এবং ভিডিও সরিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এমনকি বিষয়টি মুছে ফেলার বিনিময়ে ঘুষের প্রস্তাবও দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। তিনি প্রস্তাবে রাজি না হওয়ায় পরবর্তীতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।জানা যায়, তামিম আহমেদ সবুজ ও সুলতানা আক্তার নিশুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে স্থানীয় বিএনপির পক্ষ থেকে তামিম আহমেদ সবুজকে দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিষয়েও সাংবাদিক মাসুদুর রহমান সংবাদ প্রকাশ করেন।এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য: প্রতিবেদনে বর্ণিত অভিযোগগুলো সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য ও জিডির তথ্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা যেতে পারে।

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মাসুদুর রহমানকে হত্যার হুমকি, থানায় জিডি