রোববার, ৩১ মে ২০২৬
চেকপোস্ট

গোপালগঞ্জ উন্নয়নে সমান গুরুত্ব দেবে সরকার, বিশেষ সভায় সিদ্ধান্ত

দেশের অন্যান্য জেলার মতো গোপালগঞ্জকেও সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।এ লক্ষ্যে জেলার চলমান উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্থানীয় সরকার বিভাগ একটি বিশেষ সভা করেছে।গত ১১ মে (সোমবার) অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান। সভায় গোপালগঞ্জ-১, গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় জেলার উন্নয়ন অগ্রগতি, প্রকল্প বাস্তবায়নের গতি, অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এ সময় সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন এবং কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।সভা সূত্রে জানা গেছে, রাজনৈতিক পরিচয়ের কারণে নয়, বরং সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তাই গোপালগঞ্জকে কোনোভাবেই উন্নয়ন কার্যক্রম থেকে বঞ্চিত না করার বিষয়টি স্পষ্ট করা হয়।স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে বলা হয়, প্রকল্প বাস্তবায়নে গতি বাড়াতে হবে এবং জনসেবার মানোন্নয়ন নিশ্চিত করতে হবে। একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, জেলার উন্নয়ন কার্যক্রম সমানভাবে এগিয়ে নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গোপালগঞ্জ, যা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানে সাম্প্রতিক নির্বাচনে নতুন রাজনৈতিক চিত্র দেখা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার তিনটি আসনেই বিএনপির প্রার্থীরা জয়ী হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান কোনো মন্তব্য করতে রাজি হননি।

গোপালগঞ্জ উন্নয়নে সমান গুরুত্ব দেবে সরকার, বিশেষ সভায় সিদ্ধান্ত