জুনের মধ্যে মাঠ ছাড়বে সেনাবাহিনী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় আগামী জুন মাসের মধ্যে মাঠ পর্যায়ে থাকা সব সেনা সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে।প্রথমে দূরবর্তী জেলা থেকে সেনা সদস্যদের ফিরিয়ে নেওয়া হবে। পরে ধাপে ধাপে বিভাগীয় শহর ও বড় জেলা থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হবে। জুন মাসের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই কারফিউ জারির পর তৎকালীন আওয়ামী লীগ সরকার মাঠে সেনাবাহিনী মোতায়েন করে। পরে ৫ আগস্ট সরকার পতনের পর পুলিশ বাহিনীর কার্যক্রম দুর্বল হয়ে পড়লে সেনাবাহিনী মাঠ পর্যায়ে দায়িত্ব পালন অব্যাহত রাখে। একই বছরের ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতাও প্রদান করে।এদিকে মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, নির্বাচনের পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই। বর্তমানে তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করছে।
তিনি আরও জানান, সেনাবাহিনী এখন আর সরাসরি গ্রেফতার বা আইনগত কার্যক্রম পরিচালনায় অংশ নিচ্ছে না।