সীমান্ত হত্যা বন্ধ না হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে সরকার ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।মঙ্গলবার (১৯ মে) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।তিনি অভিযোগ করে বলেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী পরিকল্পিতভাবে বাংলাদেশিদের হত্যা করছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় মাদক ও ইয়াবা প্রবেশ করিয়ে দেশের যুবসমাজকে ধ্বংসের চেষ্টা চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতের বর্বর বাহিনী আমাদের খাদিমুলকে শহিদ করেছে। সীমান্তের মানুষ প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। অথচ সরকারকে এসব ঘটনায় নীরব দেখা যাচ্ছে।তিনি আরও বলেন, নিহত খাদিমুলের বাবা জানিয়েছেন, মাছ ধরতে গিয়ে তার ছেলে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। তবে বিজিবির দেওয়া বক্তব্য বিএসএফের বয়ানের সঙ্গে মিল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।সীমান্তে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করে এনসিপির এই নেতা বলেন, সরকারকে সব সীমান্ত-নিহত পরিবারের পাশে দাঁড়াতে হবে। ভবিষ্যতে তাদের দল ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারকে বাড়ি নির্মাণ করে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।