মানিকগঞ্জে ২০ টাকার বকেয়া চাওয়ায় ব্যবসায়ীকে হত্যার অভিযোগ
মানিকগঞ্জের সিংগাইরে মাত্র ২০ টাকার বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে শ্রীবাস চন্দ্র সাহা (৫৫) নামে এক পান ব্যবসায়ীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের জয়মন্টপ মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শ্রীবাস চন্দ্র সাহা ঢাকার সাভারের মধ্যেপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় বাজারে দীর্ঘদিন ধরে পান বিক্রি করতেন।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ইশা মোল্লা দীর্ঘদিন ধরে শ্রীবাস চন্দ্র সাহার দোকান থেকে পান কিনতেন। শুক্রবার দুপুরে তিনি ৩০ টাকার পান নিয়ে ১০ টাকা পরিশোধ করেন। পরে বাকি ২০ টাকা চাইলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।একপর্যায়ে ইশা মোল্লা ক্ষিপ্ত হয়ে শ্রীবাস চন্দ্র সাহার ওপর হামলা চালান এবং গলা চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় ব্যবসায়ীরা জানান, ছোট্ট একটি দোকানই ছিল শ্রীবাস চন্দ্র সাহার জীবিকার একমাত্র অবলম্বন। তারা বলেন, সামান্য টাকার জন্য এমন নির্মম হত্যাকাণ্ড সমাজের জন্য ভয়াবহ বার্তা বহন করে। তারা ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।ঘটনার পর অভিযুক্ত ইশা মোল্লার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মো. মাজহারুল ইসলাম জানান, বিষয়টি পুলিশ শুনেছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।