বুধবার, ২২ জুলাই ২০২৬
চেকপোস্ট

শায়েস্তাগঞ্জে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, দ্রুত উচ্ছেদের আহ্বান

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পুরান বাজার-উবাহাটা সরকারি রাস্তার প্রবেশমুখে নির্মিত অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শায়েস্তাগঞ্জ পুরান বাজার সংলগ্ন সরকারি রাস্তার সামনে উচ্ছেদের অপেক্ষায় থাকা অবৈধ স্থাপনাগুলোর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি রাস্তার প্রবেশমুখে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযানের উদ্যোগ নেওয়া হলেও এখনো পুরোপুরি দখলমুক্ত করা সম্ভব হয়নি।স্থানীয়দের দাবি, উবাহাটা মৌজার ১ নম্বর খাস খতিয়ানের সরকারি রাস্তা এবং ২ নম্বর খতিয়ানের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমির কিছু অংশ দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে পৌরসভার রাস্তা ও ড্রেন সংস্কারকাজ বাধাগ্রস্ত হচ্ছে।তারা জানান, দখলের কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। পাশাপাশি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, সিএনজি অটোরিকশা ও সাধারণ মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে।বক্তারা বলেন, এর আগে জেলা প্রশাসনের নির্দেশনায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন কারণে অভিযান সম্পন্ন হয়নি। পরে পুনরায় উচ্ছেদ কার্যক্রম শুরু হলে কয়েকজন দখলদার স্বেচ্ছায় কিছু স্থাপনা সরিয়ে নেন। তবে সরকারি রাস্তার প্রবেশমুখ এখনো পুরোপুরি দখলমুক্ত হয়নি বলে অভিযোগ করেন তারা।মানববন্ধন থেকে দ্রুত বাকি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি রাস্তা সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়। স্থানীয়রা বলেন, সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হলে দীর্ঘদিনের জনদুর্ভোগ কমবে এবং রাস্তা ও ড্রেন উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে। তারা উচ্ছেদ অভিযানে কোনো ধরনের প্রভাব বা আপস না করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

শায়েস্তাগঞ্জে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, দ্রুত উচ্ছেদের আহ্বান