চলাচলের পথ ঘেরা নিয়ে সংঘর্ষ, খুলনা মেডিকেলে প্রাণ গেল বৃদ্ধের
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শিমলারআইট গ্রামে চলাচলের পথ ঘেরা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এছার আলী সরদার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা যায়, চলাচলের একটি পথ ঘেরা দেওয়া ও জমি দখলকে কেন্দ্র করে শামছুর সরদার ও তার ছেলে আব্দুল হালিম সরদারের সঙ্গে এছার আলী সরদারের দীর্ঘদিনের বিরোধ চলছিল। ঘটনার দিন পথ ঘেরা দেওয়ার সময় বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে আব্দুল হালিম সরদার শাবল দিয়ে এছার আলী সরদারের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এ ঘটনায় নিহতের স্ত্রী ও সন্তানসহ আরও কয়েকজন আহত হয়েছেন। তাদেরও প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয়দের দাবি, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চলাচলের পথ দখল ও ঘেরা দেওয়াকে কেন্দ্র করে এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। তারা অভিযোগ করেন, প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার জেরেই এ সহিংস ঘটনা ঘটেছে।
ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে কয়রা থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।