রাঙামাটি জেলার নানিয়ারচরে আর্থিকভাবে অসচ্ছল এক কৃষকের পাশে দাঁড়িয়ে তার জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।শনিবার (৬ জুন ২০২৬) জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক মো. নাইমুল ইসলাম রনির নির্দেশনায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের উদ্যোগে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। তারা কৃষকের জমিতে গিয়ে ধান কেটে সংগ্রহ করে তা নিরাপদে ঘরে পৌঁছে দেন।স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম কৃষকদের দুর্দিনে বড় সহায়তা এবং সমাজে ইতিবাচক বার্তা বহন করে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন বুড়িঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সবুর মিয়া, নানিয়ারচর সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নেতৃবৃন্দ জানান, ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বরং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে তাদের সামাজিক দায়িত্ব হিসেবে দেখে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।