রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে তিন সংসদ সদস্য
রংপুরের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং হাসপাতালের বিদ্যমান সমস্যা ও সেবার বাস্তব চিত্র জানতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন তিন সংসদ সদস্য।রোববার রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজীর নেতৃত্বে হাসপাতালটি পরিদর্শন করা হয়। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল এবং রংপুর-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী।পরিদর্শনকালে তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান, রোগীদের ভোগান্তি, ওষুধ সরবরাহ, জনবল সংকট ও অবকাঠামোগত চ্যালেঞ্জ সম্পর্কে খোঁজখবর নেন।সংসদ সদস্যরা হাসপাতালের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।এ সময় তারা বলেন, চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করতে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সমন্বয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তারা।