মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

ফোন ফেরত চেয়ে তদন্তের কারণ জানতে চাইলেন রিজওয়ান

মোবাইল ফোন ফেরত দেওয়ার পাশাপাশি চলমান তদন্তের কারণ লিখিতভাবে জানাতে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির (এনসিসিআইএ) কাছে অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, এনসিসিআইএকে পাঠানো দ্বিতীয় চিঠিতে এসব দাবি জানিয়েছেন রিজওয়ান। তার হাতে এখনো তদন্তের কোনো লিখিত বিবরণ দেওয়া হয়নি এবং পরবর্তী প্রক্রিয়া নিয়েও সংস্থাটি তার সঙ্গে যোগাযোগ করেনি বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি।রিজওয়ানের দাবি, গত ৩১ আগস্ট ইংল্যান্ডে তার মোবাইল ফোন নেওয়া হয়। সে সময় তিনি ফোনের পাসওয়ার্ড দেন এবং তার উপস্থিতিতেই ডিভাইসটি পরীক্ষা করা হয়।এরপর ১০ সেপ্টেম্বর এনসিসিআইএর সামনে হাজির হওয়ার সময়ও কর্মকর্তারা তার আনলক করা ফোনে প্রবেশাধিকার পেয়েছিলেন বলে দাবি করেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। তার ভাষ্য অনুযায়ী, কর্মকর্তারা ফোনের বার্তা ও অন্যান্য তথ্য দেখেছেন এবং কোনো পর্যায়েই তিনি পাসওয়ার্ড দিতে অস্বীকৃতি জানাননি।চিঠিতে রিজওয়ান আরও দাবি করেন, ৩১ আগস্ট তাকে জানানো হয়েছিল তিন ঘণ্টার মধ্যে ফোনটি ফেরত দেওয়া হবে। একই সঙ্গে ডিজিটাল ফরেনসিক পরীক্ষাও দ্রুত শেষ করার কথা বলা হয়েছিল।এখন তদন্তের কারণ এবং ভবিষ্যতে তাকে আবার হাজির হতে হলে তারিখ ও সময় লিখিতভাবে জানানোর অনুরোধ করেছেন রিজওয়ান।পাশাপাশি দ্রুত তার মোবাইল ফোন ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন পাকিস্তানের সাবেক সাদা বলের অধিনায়ক। ভবিষ্যতে তার সঙ্গে সব ধরনের যোগাযোগ আনুষ্ঠানিকভাবে এবং তার বাসার ঠিকানায় পাঠানোর অনুরোধও করেছেন তিনি। তবে জিও নিউজের প্রতিবেদনে রিজওয়ানের বিরুদ্ধে চলমান তদন্তটি ঠিক কোন অভিযোগ বা ঘটনার সঙ্গে সম্পর্কিত, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ফোন ফেরত চেয়ে তদন্তের কারণ জানতে চাইলেন রিজওয়ান