বেড়ায় দুই ফার্মেসিতে মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ঔষধ বিক্রির অভিযোগে জরিমানা
পাবনার বেড়ায় মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ঔষধ বিক্রির অভিযোগে দুটি ফার্মেসিকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার পেচাকোলা বাজার ও ডাকবাংলো বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পেচাকোলা বাজারের নুসরাত মেডিকেল হল এবং ডাকবাংলো বাজারের বেড়া মেডিকেল হল-এ যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানে নুসরাত মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ঔষধ বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত নুরনবীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে বেড়া মেডিকেল হলের দায়িত্বপ্রাপ্ত আনিসুর রহমানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও (ঘ) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।অভিযানকালে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার মিঠুন সাহা ও তাঁর প্রতিনিধি দল উপস্থিত থেকে কারিগরি সহায়তা দেন।আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় ছিলেন বেড়া মডেল থানার এসআই আলী আজমের নেতৃত্বে পুলিশের একটি দল।অভিযান শেষে ফার্মেসি দুটি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ঔষধ জব্দ করা হয়।
জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।