মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

রাঙামাটিতে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া

রাঙামাটিতে পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় রাঙামাটি শহরের বনরূপা এলাকার আল-আমিন ইসলামিয়া ফাজিল মডেল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মনছুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইনিমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম।বিশেষ অতিথি ছিলেন বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আল-আমিন ইসলামিয়া ফাজিল মডেল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম ও সহকারী অধ্যাপক মো. আব্দুল আলীম। এছাড়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফেরদৌস আলম বলেন, পবিত্র মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ রেখে গেছেন। তাঁর জীবন সত্য, ন্যায়, মানবতা, সহমর্মিতা ও শান্তির অনন্য দৃষ্টান্ত।তিনি বলেন, মহানবী (সা.) মানুষকে ভ্রাতৃত্ব, সাম্য, ন্যায়বিচার ও পারস্পরিক ভালোবাসার শিক্ষা দিয়েছেন। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব।মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না; নৈতিক ও ধর্মীয় শিক্ষায়ও গড়ে তুলতে হবে। মহানবী (সা.)-এর সততা, ন্যায়পরায়ণতা, মানবিকতা, সহনশীলতা ও পরোপকারের আদর্শ শিক্ষার্থীদের জীবনে বাস্তবায়ন করতে হবে।তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তারা দেশ ও জাতির ভবিষ্যৎ। পড়াশোনার পাশাপাশি বাবা-মা, শিক্ষক ও বয়োজ্যেষ্ঠদের সম্মান এবং সমাজের মানুষের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে।অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ এবং পবিত্র মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাঙামাটিতে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া