সম্পত্তির দ্বন্দ্বে মা-ছেলে খুন! ২ বছর পর পুকুরে কঙ্কাল উদ্ধার
নোয়াখালীর সোনাইমুড়ীতে সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে মা ও তার শিশুপুত্রকে হত্যার দুই বছর পর তাদের কঙ্কাল উদ্ধার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (২৪ মে) উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ গ্রামের একটি পুকুর থেকে ভেকু মেশিন ব্যবহার করে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়।নিহতরা হলেন কমলা বেগম (৩২) ও তার ছেলে নোমান (৯)। তারা একই এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী ও সন্তান।সিআইডি জানায়, ২০২৪ সালের জানুয়ারিতে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সৎছেলে রাজু, সাগর এবং নাতি টিপু মিলে তাদের হত্যা করে। পরে লাশ গুম করতে পুকুরে মাটিচাপা দেওয়া হয়।
দীর্ঘ তদন্ত ও গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে দুই বছর পর কঙ্কাল উদ্ধার করা সম্ভব হয় বলে জানিয়েছে সিআইডি।