রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

বেড়ায় মাদক কারবারির বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, ক্ষুব্ধ এলাকাবাসী

পাবনার বেড়া পৌর এলাকায় মাদক কারবারের অভিযোগে মো. স্বপন (৩৫) নামে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৈত্রবাধা গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়দের অভিযোগ, মৈত্রবাধা গ্রামের ইউনুস আলী (ইনু)-এর ছেলে স্বপন দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রির সঙ্গে জড়িত। তাদের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে একাধিকবার গ্রেপ্তার করলেও জামিনে মুক্ত হয়ে তিনি আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন।স্থানীয় সূত্রে আরও জানা যায়, চলতি বছরের ৪ জুলাই মাদক-সংক্রান্ত অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে তিনি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন বলে স্থানীয়রা জানান।এলাকাবাসীর অভিযোগ, মাদক কারবার নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ থেকেই শুক্রবার দুপুরে একদল উত্তেজিত মানুষ স্বপনের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুরের পর একপর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।খবর পেয়ে বেড়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক কারবারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্থানীয় সচেতন মহল বলছে, অভিযুক্তরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত জামিনে মুক্ত হয়ে পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে মাদক নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে।এলাকাবাসী বেড়া পৌর এলাকাকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কার্যকর অভিযান দাবি করেছেন। একই সঙ্গে স্বপনসহ এলাকায় মাদক কারবারে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

বেড়ায় মাদক কারবারির বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, ক্ষুব্ধ এলাকাবাসী