বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

ইরানি হামলার পর আমিরাতের কড়া হুঁশিয়ারি, পাল্টা জবাবের ঘোষণা

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ’ ও ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আমিরাত।আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটি তার সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেবে না এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী উপযুক্ত জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।প্রতিবেদনে বলা হয়, সোমবার (৪ মে) ফুজাইরা এমিরেটের ফুজেইরা অয়েল ইন্ডাস্ট্রি জোনে ইরানের ড্রোন হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। ওই এলাকায় তেল শোধনাগার ও গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপো অবস্থিত।স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হামলায় তিনজন আহত হয়েছেন, যাদের সবাই ভারতীয় নাগরিক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থাকে মাঝারি হিসেবে উল্লেখ করা হয়েছে।বিবৃতিতে আরও জানানো হয়, দ্রুত পদক্ষেপে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।এর আগে, প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে আমিরাতকে লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর মধ্যে তিনটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হলেও একটি সাগরে পতিত হয়।এই ক্ষেপণাস্ত্র হামলার পরই তেল স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় বলে দাবি করেছে আমিরাত। সূত্র: আনাদোলু এজেন্সি, বিবিসি

ইরানি হামলার পর আমিরাতের কড়া হুঁশিয়ারি, পাল্টা জবাবের ঘোষণা