কোস্ট গার্ডের নতুন ডিজি রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান
বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।অন্যদিকে কোস্ট গার্ডের বর্তমান মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে দায়িত্ব থেকে প্রত্যাহার করে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপপরিচালক মোহাম্মদ নূর-এ-আলম।প্রজ্ঞাপনে জানানো হয়, রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে কোস্ট গার্ডের মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ নৌবাহিনীতে বদলি করা হয়েছে।একই আদেশে রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানকে বাংলাদেশ নৌবাহিনী থেকে প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নতুন এ নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে।