নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের মূল হোতা কুরবান গ্রেপ্তার
নীলফামারীতে ভিসা প্রতারণা ও সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে কথিত প্রতারক চক্রের মূল হোতা মো. কুরবান আলীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃত কুরবান আলী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৌদ্ধপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি ভিসা প্রতারণা চক্রের অন্যতম সক্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।থানা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১১ ডিসেম্বর সৈয়দপুর থানায় তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ডিজিটাল অপরাধ, প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অর্থ আত্মসাৎ, অবৈধভাবে আটকে রাখা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।নীলফামারী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. মতলুবর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে কুরবান আলীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।তিনি আরও জানান, মামলার সুষ্ঠু তদন্তের পাশাপাশি চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। প্রতারণার ধরন ও সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের বিষয়েও অনুসন্ধান অব্যাহত রয়েছে।এদিকে, কুরবান আলীর গ্রেপ্তারের খবরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই এটিকে প্রতারণার শিকার ব্যক্তিদের জন্য স্বস্তির খবর হিসেবে দেখছেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।