রোববার, ০৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

ঝালকাঠির ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজারে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার ও পেয়ারা বাগান ঘুরে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।রোববার (৯ আগস্ট) সকালে স্ত্রী মিসেস ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি ভীমরুলী এলাকার ভাসমান পেয়ারার বাজার ও বিভিন্ন পেয়ারা বাগান পরিদর্শন করেন। এ সময় স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলে পেয়ারা চাষ, উৎপাদন ও বাজারজাতকরণ সম্পর্কে বিভিন্ন তথ্য নেন।পরিদর্শন শেষে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার তাকে মুগ্ধ করেছে। বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের পরিশ্রম এবং স্থানীয় পেয়ারার গুণগত মানও তাকে আকৃষ্ট করেছে।তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উষ্ণ ও ক্রান্তীয় অঞ্চলেও পেয়ারা চাষ হয়। ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় সীমিত পরিসরে পেয়ারা উৎপাদন করা হয়। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।বাংলাদেশি পেয়ারা আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। বর্ষা মৌসুমে খাল-বিল ও জলপথে নৌকায় পেয়ারা কেনাবেচার দৃশ্য পর্যটকদের আকৃষ্ট করে।মার্কিন রাষ্ট্রদূতের এ পরিদর্শনে স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঝালকাঠির ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজারে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত