ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে বাধা দেওয়ার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ফান্দাউক দরবার শরীফের পীরগণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতারা।রোববার (২৩ আগস্ট) ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহলের বার্ষিক কেন্দ্রীয় সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।সম্মেলনে ফান্দাউক দরবার শরীফের পীর সৈয়দ আবু বকর বলেন, নাসিরনগরে ইনশাআল্লাহ ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হবে। কেউ এতে বাধা দেওয়ার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।তিনি বলেন, ধর্মীয় কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘাত কাম্য নয়। শান্তিপূর্ণভাবে ধর্মীয় অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিতে হবে।অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী বক্তব্য দেন। তিনি সংগঠনের সদস্যদের ধর্মীয় জ্ঞান অর্জন, ঐক্যবদ্ধ থাকা এবং আদর্শের পথে কাজ করার আহ্বান জানান।মুফতি তাহেরী ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের ধর্মীয় ভিত্তি তুলে ধরে কোরআন ও হাদিসের বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন। পাশাপাশি বিভিন্ন মতাদর্শ সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।বক্তারা বলেন, জশনে জুলুস বা ধর্মীয় অনুষ্ঠান পালনের ক্ষেত্রে পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা জরুরি।সম্মেলনে ফান্দাউক দরবার শরীফের পীর-মাশায়েখ, আলেম-উলামা, সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।