মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মদ, জুয়া ও নাইটক্লাবে চলবে না ইসলামিক ক্রেডিট কার্ড

শরিয়াহসম্মত ও সুদমুক্ত লেনদেন নিশ্চিত করতে ইসলামিক ক্রেডিট কার্ড পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল, গ্রাহক সুরক্ষা এবং নিষিদ্ধ লেনদেনের বিষয়ে বিস্তারিত নিয়ম নির্ধারণ করা হয়েছে।নীতিমালা অনুযায়ী, অ্যালকোহল, জুয়া, নাইটক্লাব, প্রচলিত বিমা কোম্পানি, অবৈধ ডেটিং বা ম্যাচমেকিং এবং শূকরের মাংসসংক্রান্ত ব্যবসাপ্রতিষ্ঠানে ইসলামিক ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে না।এসব লেনদেন বন্ধ রাখতে ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট মার্চেন্ট ক্যাটাগরি কোড (MCC) ব্লক করতে হবে। কোনো গ্রাহক বেআইনি বা নিষিদ্ধ লেনদেন করলে কার্ড বাতিলের পাশাপাশি বাংলাদেশ ব্যাংককে বিষয়টি জানাতে হবে।নীতিমালা অনুযায়ী, কার্ড ইস্যু, নবায়ন, প্রতিস্থাপন, নেটওয়ার্ক সুবিধা ও হিসাব রক্ষণাবেক্ষণের মতো নির্দিষ্ট সেবার বিপরীতে ব্যাংক ‘উজরহ’ বা সেবামূলক মাশুল নিতে পারবে।তবে গ্রাহকের বকেয়া, ঋণসীমা বা বিল পরিশোধে দেরির ওপর ভিত্তি করে এই মাশুল বাড়ানো বা কমানো যাবে না।বিলম্বে পরিশোধের জন্য কোনো জরিমানা নেওয়া হলে তা ব্যাংকের আয় হিসেবে রাখা যাবে না। গ্রাহককে চুক্তির সময় নির্ধারিত অর্থ দাতব্য কাজে দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। এ অর্থ ব্যাংকের আয় থেকে আলাদা দাতব্য হিসাবে জমা থাকবে এবং শরিয়াহ কমিটির তত্ত্বাবধানে তা বিতরণ করা হবে।ইসলামিক ক্রেডিট কার্ড চালুর আগে ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) ব্যবহার করে গ্রাহকের সম্মতি নিতে হবে। কার্ডের তথ্যের গোপনীয়তা রক্ষার পাশাপাশি টু-ফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলক করা হয়েছে।কার্ড হারানো বা চুরি হওয়ার পর ব্লক করার অনুরোধ পেলে অননুমোদিত লেনদেনের অর্থ সাত কার্যদিবসের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশনাও রয়েছে।বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ইসলামিক ক্রেডিট কার্ডের ভিত্তি হবে ‘কর্জ হাসান’ (সুদমুক্ত ঋণ) এবং ‘উজরহ’ (সেবামূল্য)। প্রচলিত ক্রেডিট কার্ডের মতো গ্রাহকের ঋণ থেকে ব্যাংক আয় করতে পারবে না।একই সঙ্গে গ্রাহক যাতে নিজের সামর্থ্যের বাইরে ব্যয় না করেন, সে বিষয়েও ব্যাংকগুলোকে নজর রাখতে হবে। বাংলাদেশ ব্যাংকে নিবন্ধিত ইসলামি ব্যাংকের পাশাপাশি সাধারণ ব্যাংকের ইসলামিক উইন্ডো বা শাখা থেকেও এ কার্ড ইস্যু করা যাবে। আর বৈদেশিক মুদ্রা বা দ্বৈত মুদ্রার ইসলামিক ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংককে অনুমোদিত ডিলার হতে হবে।

মদ, জুয়া ও নাইটক্লাবে চলবে না ইসলামিক ক্রেডিট কার্ড