রাজশাহীতে আরএমপির বিশেষ চেকপোস্ট, ৯৬ মামলা
রাজশাহী মহানগরীর সড়কে শৃঙ্খলা ফেরানো, যানজট নিরসন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ ও থানা পুলিশ।মঙ্গলবার (২৫ আগস্ট) পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৯৬টি মামলা করা হয়েছে। একই সময়ে ৫৭টি যানবাহন আটক করা হয়।আরএমপি পুলিশ জানায়, মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে গত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।পুলিশ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট কমানো, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে।আরএমপির পক্ষ থেকে চালক ও পথচারীদের সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে পুলিশ।