শনিবার, ৩০ মে ২০২৬
চেকপোস্ট

জিয়ার শাহাদাৎবার্ষিকীতে ঐক্য ও সহযোগিতার বার্তা তারেক রহমানের

দেশ গঠনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান -এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, সমাজের সর্বস্তরের মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করে এবং একে অপরকে সহযোগিতা করে, তবে সেটিই হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।তিনি বলেন, আমরা অঙ্গীকার করি, সমাজের সবাইকে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করব। একজন নাগরিক হিসেবে যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে একে অপরের পাশে দাঁড়াই, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি যথাযথ সম্মান জানানো হবে।দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান আরও বলেন, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছেন, তাদের সহযোগিতা করা এবং উৎসাহিত করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।তিনি আরও বলেন, আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করা মানুষদের পাশে দাঁড়াব, তাদের সহায়তা করব এবং একটি উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখব। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জানান, জনসাধারণের চলাচলে অসুবিধা এড়াতে দীর্ঘ বক্তব্য দেওয়া হচ্ছে না। ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম ও দলকে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

জিয়ার শাহাদাৎবার্ষিকীতে ঐক্য ও সহযোগিতার বার্তা তারেক রহমানের