কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনলাইন স্ক্যাম কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।শনিবার (১৯ সেপ্টেম্বর) নমপেনের ডাংকর জেলার ডাংকর কমিউনের মউল ভিলেজের স্ট্রিট-০২বি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি জানান ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার ও মানব পাচারবিরোধী কর্মী আল-আমিন নয়ন।কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিদেশিদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের অংশ হিসেবে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে সন্দেহভাজন অনলাইন স্ক্যাম কার্যক্রমের সঙ্গে আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতা পাওয়া যায় বলে জানানো হয়েছে।অভিযানকালে পুলিশ ৬টি অল-ইন-ওয়ান কম্পিউটার, ১৫টি মোবাইল ফোন এবং কিছু জাল মার্কিন ডলার নোট জব্দ করে।আটক ৯ বাংলাদেশি ও জব্দ আলামত পরবর্তী তদন্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নমপেন মিউনিসিপ্যাল পুলিশ কমিশারিয়েটে পাঠানো হয়।পরে তাদের বিরুদ্ধে মামলা প্রস্তুত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নমপেন মিউনিসিপ্যাল কোর্টের প্রসিকিউটরের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাটি নিয়ে কম্বোডিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।