সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী দিনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–কে আরও জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে।সোমবার রাজধানীর উত্তরায় র্যাব ফোর্সেস সদর দপ্তরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, র্যাব সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রশিক্ষণ, মানবাধিকার শিক্ষা, ন্যূনতম বল প্রয়োগ নীতি এবং অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো হবে।তিনি আরও জানান, জঙ্গল সলিমপুরে র্যাবের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।সালাহউদ্দিন আহমদ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত র্যাব আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে বাহিনীর নাম পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।তিনি অভিযোগ করেন, অতীতের সময়ে র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের কারণে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ভবিষ্যতে এমন কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। অনুষ্ঠানে আইজিপিসহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।