বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতে একটি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, প্রক্রিয়াটির সঙ্গে আদালতও যুক্ত থাকায় এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভার্সেশন ২০২৬’-এর একটি সেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।দীনেশ ত্রিবেদী বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে তাদের অবস্থান একাধিকবার জানিয়েছে। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি একটি আইনগত ও সুসংগঠিত প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে।আদালত এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকায় এখনই কোনো নির্দিষ্ট সময়সীমা বা টাইমফ্রেম দেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। শেখ হাসিনা কীভাবে ভারতে পৌঁছেছিলেন এমন প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, তাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি। তৎকালীন পরিস্থিতিতে বাংলাদেশের সামরিক বিমানে করে তিনি ভারতে যান বলে জানান তিনি।দীনেশ ত্রিবেদীর ভাষ্য, সে সময় পরিস্থিতির বাস্তবতায় শেখ হাসিনাকে ভারতে গ্রহণ করা ছাড়া ভারতের সামনে খুব বেশি বিকল্প ছিল না। বিমানটিকে ভারতে অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াত, তা বলা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। হাইকমিশনার বলেন, বর্তমান সময়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যে আইনি প্রক্রিয়া রয়েছে, সেটি নিজস্ব গতিতে এগিয়ে চলছে। একই ধরনের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অন্যান্য প্রত্যর্পণ-সংক্রান্ত বিষয়ও বিবেচিত হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে মতপার্থক্য থাকলেও এসব বিষয় সংলাপ, আলোচনা ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে।