বুধবার, ১২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

শিক্ষার্থী আন্দোলনে সমর্থন না দেওয়ায়, আপনি ভালোবাসার যোগ্য নন

দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা অধিকার ও নিরাপত্তার দাবিতে দিল্লির রাজপথে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক তারকা। তবে এ বিষয়ে নীরব থাকায় অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা।জুলাইয়ের শুরু থেকে নিট পরীক্ষা কেলেঙ্কারি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর-মন্তরে অনশন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনের নেতৃত্বে রয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক।সম্প্রতি ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহারের অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে শাবানা আজমি, জিনাত আমান, অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপ ও অরিজিৎ সিংয়ের মতো অনেক তারকা সামাজিক মাধ্যমে নিজেদের অবস্থান জানান।তবে ক্যাটরিনা কাইফ এ বিষয়ে কোনো মন্তব্য না করায় ক্ষুব্ধ হয়েছেন তার কিছু ভক্ত। দীর্ঘদিনের জনপ্রিয় ফ্যানপেজ ‘ক্যাথোলিক_ ফ্যানস’-এর অ্যাডমিন অভিনেত্রীর এই নীরবতার প্রতিবাদে পেজটি বন্ধ করার ঘোষণা দেন।ফ্যানপেজের বিবৃতিতে বলা হয়, “ছোটবেলা থেকেই আপনার ভক্ত ছিলাম। কিন্তু আজ যখন শিক্ষার্থীদের পাশে আপনার কণ্ঠ প্রয়োজন ছিল, তখন আপনার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পেলাম না। আপনার কঠিন সময়ে আমরা পাশে ছিলাম, কিন্তু আজ আপনি আমাদের পাশে দাঁড়ালেন না।”বিবৃতিতে আরও বলা হয়, “আপনাকে আনফলো করার পাশাপাশি এই পেজটিও চিরতরে বন্ধ করে দেওয়া হলো। আপনি আমাদের ভালোবাসার যোগ্য নন।” তবে ক্যাটরিনার আরেক অংশের ভক্তরা তার পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, কোনো বিষয়ে মত প্রকাশ করা বা না করা একজন ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত এবং কাউকে জোর করে কোনো অবস্থান নিতে বাধ্য করা উচিত নয়।

শিক্ষার্থী আন্দোলনে সমর্থন না দেওয়ায়, আপনি ভালোবাসার যোগ্য নন