বুধবার, ১৭ জুন ২০২৬
চেকপোস্ট

সড়কে জনতার ঢল, মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দর থেকে বের হয়ে সকাল সাড়ে ১০টার দিকে বিশেষ বাসযোগে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেন তিনি। প্রধানমন্ত্রীর যাত্রাপথে তাকে এক নজর দেখতে বৃষ্টি উপেক্ষা করে সড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ।বিমানবন্দর এলাকায় চা শ্রমিকদেরও ছাতা হাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানাতে দেখা যায়। এছাড়া বিমানবন্দর সড়কে সিলেট জেলা যুবদল, আম্বরখানা এলাকায় মহানগর বিএনপি এবং দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ এলাকায় জেলা বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। পরে বেলা আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একই ধরনের আরেকটি কর্মসূচিতে অংশ নেবেন।কর্মসূচি শেষে বিকেলে তিনি দুসাই রিসোর্টে অবস্থান করবেন এবং সেখানে একটি রাজনৈতিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর রাত ৮টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকায় ফিরবেন।উল্লেখ্য, সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সিলেট সফর। এর আগে গত ২ মে তিনি সিলেটের বিভিন্ন সরকারি ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

সড়কে জনতার ঢল, মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান