রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। মাত্র ছয় মিনিটের প্রচেষ্টায় রাত ৯টা ৫২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ২ নম্বর প্ল্যাটফর্মে থাকা একটি ট্রেনে আগুন লাগার খবর পাওয়ার পরপরই ছয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। দ্রুত তৎপরতার কারণে আগুন অন্য কোচে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ, ক্ষতিগ্রস্ত ট্রেনটির নাম ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোচটিতে হঠাৎ আগুন জ্বলে ওঠে। তাদের কেউ কেউ ধারণা করছেন, দুর্বৃত্তরা আগুন লাগিয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ার পাশাপাশি পুরো এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পাশের কোচগুলোতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলে স্টেশন চত্বর ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।