পশ্চিমবঙ্গ থেকে ‘পুশইন’ হলে কঠোর জবাব দেবে ঢাকা
ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পর সম্ভাব্য পুশইন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ঠেলে দেওয়া পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।মঙ্গলবার ৫ মে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পশ্চিমবঙ্গ থেকে যদি কোনো ধরনের পুশইনের ঘটনা ঘটে, তবে বাংলাদেশ সরকার পাল্টা ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।তিনি আরও জানান, চলতি বছরের জুন মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর চীন সফরের সম্ভাবনা রয়েছে। এ সফরের জন্য দুই দেশের শিডিউল সমন্বয়ের কাজ চলছে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ও ভারতের মতো বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে সরকার কাজ করছে। আসন্ন চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আলোচনায় আসবে।
তিনি উল্লেখ করেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে সরকারের দৃঢ় অঙ্গীকার রয়েছে এবং এ বিষয়ে অগ্রগতি অর্জনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।