ঠাকুরগাঁওয়ের হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলায় একই দিনে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার ঘটে যাওয়া মর্মান্তিক এ দুটি ঘটনায় মাত্র চার ও পাঁচ বছর বয়সী দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।হরিপুর উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের খাগরতলা গ্রামে নোনার খালের পানিতে ডুবে মারা যায় চার বছর বয়সী সাম। সে ওই গ্রামের বাসিন্দা সাদেকুল ইসলামের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির আশপাশে খেলছিল সাম। একপর্যায়ে খেলতে খেলতে নোনার খালের পাশে চলে যায় সে। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খালের পানিতে শিশুটির সন্ধান পাওয়া যায়। দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।অন্যদিকে, একই দিন দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের নয়াপাড়া গ্রামে পানিতে ডুবে মারা যায় পাঁচ বছর বয়সী সাঈদ। সে ওই গ্রামের মো. আপেল আলীর ছেলে।স্থানীয়দের ভাষ্য, দুপুরে বাড়ির আশপাশে খেলাধুলা করছিল সাঈদ। পরিবারের সদস্যদের চোখ এড়িয়ে একপর্যায়ে সে পানির কাছে চলে যায়। পরে স্থানীয়রা তাকে পানিতে ডুবে থাকা অবস্থায় দেখতে পান।একই দিনে জেলার দুই প্রান্তে দুই শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সামের মৃত্যুতে খাগরতলা গ্রাম এবং সাঈদের মৃত্যুতে নয়াপাড়া গ্রামে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই পরিবারের দুই শিশুর জীবন প্রদীপ নিভে যাওয়ার ঘটনায় স্বজনদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও গভীর শোক ও বিষাদের ছায়া নেমে এসেছে।