পাকিস্তানে কোরবানির ঈদ কবে? সম্ভাব্য তারিখ জানালো গবেষণা কাউন্সিল
আসন্ন Eid al-Adha বা কোরবানির ঈদ কবে পালিত হতে পারে, সে বিষয়ে সম্ভাব্য তারিখ জানিয়েছে পাকিস্তানের চাঁদ দেখা সংক্রান্ত বিশেষজ্ঞ ও গবেষণা কাউন্সিল। বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তিতে বলা হচ্ছে, আগামী ২৭ মে পাকিস্তানে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।শনিবার (২ মে) সংবাদমাধ্যম ARY News এক প্রতিবেদনে এ তথ্য জানায়।Ruet-e-Hilal Research Council-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৬ ও ১৭ মে মধ্যরাতে নতুন চাঁদের জন্ম হবে। ১৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি হবে। আবহাওয়া অনুকূলে থাকলে ওইদিন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে।সেক্ষেত্রে ১৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন এবং ১০ জিলহজ অর্থাৎ ২৭ মে বুধবার ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।সংস্থাটির সেক্রেটারি জেনারেল খালিদ এজাজ মুফতি জানান, বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, এবার পাকিস্তান ও সৌদি আরবে একই দিনে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৭ মে করাচি ও পেশোয়ারসহ বিভিন্ন শহরে সূর্যাস্তের পর প্রায় ৫৫ থেকে ৬৩ মিনিট চাঁদ দিগন্তে দৃশ্যমান থাকতে পারে, যা খালি চোখে দেখার জন্য যথেষ্ট।তবে আবহাওয়া প্রতিকূল হলে বা ওইদিন চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে জিলহজ মাস শুরু হবে ১৯ মে এবং ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৮ মে বৃহস্পতিবার পালিত হতে পারে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, চূড়ান্ত ঘোষণা দেবে কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি। স্থানীয় চাঁদ দেখা ও আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।