চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, জরিমানা ১ লাখ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা ও এসিড তৈরির দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবেশ দূষণকারী ওই নামবিহীন কারখানাটি সিলগালা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওলি মোড় এলাকায় পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জনবসতিপূর্ণ এলাকার পাশে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা ও এসিড তৈরি করে আসছিল। এতে নির্গত বিষাক্ত ধোঁয়ায় এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়েছিল।গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি নামবিহীন কারখানায় পরিবেশের জন্য ক্ষতিকর উপায়ে ব্যাটারি পুড়িয়ে সীসা ও এসিড তৈরির সত্যতা পাওয়া যায়।যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া পরিবেশবিধ্বংসী এ কার্যক্রম পরিচালনার দায়ে আবুল কাশেম নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অপরাধের পুনরাবৃত্তি রোধে তাৎক্ষণিকভাবে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ক্ষতি করে এমন যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল, ঝিলিম ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সার্বিক সহযোগিতা করেন।