নেত্রকোনা শহরের মগরা নদীর তীরে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ৩টার দিকে শহরের জয়নগর এলাকায় মোক্তারপাড়া সেতুর দক্ষিণ পাশে অবস্থিত স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার পর বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিচ্ছেন। ভিডিওটি ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক ঘটনাস্থলে এসে স্মৃতিস্তম্ভে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তারা দ্রুত স্থান ত্যাগ করে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, স্মৃতিস্তম্ভের বিভিন্ন অংশে আগুনের চিহ্ন রয়েছে। আগুনে নিচের অংশের কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।এ বিষয়ে মো. তরিকুল ইসলাম বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত নেত্রকোনার ১৭ জন শহীদের স্মরণে প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়। উদ্বোধনের পর থেকে এটি শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানানোর অন্যতম প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।