পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সতর্কতা জারি
দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের নিরাপত্তা বাড়াতে দেশের সব ইউনিটকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।বার্তায় বলা হয়েছে, ডিউটির সময় এবং ডিউটি শেষে পার্কিং করা সরকারি যানবাহনের নিরাপত্তায় কোনো ধরনের অবহেলা করা যাবে না। সাময়িকভাবে যানবাহন থামানোর প্রয়োজন হলে তা নিরাপদ স্থানে রাখতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নজরদারিতে রাখতে হবে।নির্দেশনায় আরও বলা হয়েছে, চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া কোনো পুলিশি যানবাহন ফেলে রাখা যাবে না। থানা, পুলিশ লাইন, অফিস কম্পাউন্ডসহ নির্ধারিত স্থানে রাখা যানবাহনের নিরাপত্তা বাড়াতে নিয়মিত টহল ও নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।পুলিশ সদর দপ্তর বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিট পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ইস্যুতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পুলিশের নিজস্ব যানবাহন ও লজিস্টিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তবে পুলিশ সদর দপ্তর সম্ভাব্য হুমকির উৎস বা কোনো নির্দিষ্ট সংগঠনের নাম প্রকাশ করেনি। এ বিষয়ে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, পুলিশ সদস্য ও যানবাহনের নিরাপত্তায় নিয়মিত বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। এটি তেমনই একটি নির্দেশনা, এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।