ঈদযাত্রা নিরাপদ করতে ঢাকাসহ মহাসড়কে মাঠে বিজিবি মোতায়েন
ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও যানজটপ্রবণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদযাত্রাকে নিরাপদ, স্বস্তিদায়ক ও শৃঙ্খলাপূর্ণ রাখতে তারা বিশেষ দায়িত্ব পালন করছে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজধানীর নিউমার্কেট, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ঈদে মহাসড়ক ও টোল প্লাজাগুলোতে অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণ, যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে।এছাড়া ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমে সহায়তা, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতেও বিজিবি দায়িত্ব পালন করবে।
ঈদের সাত দিন আগে থেকে শুরু করে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত এ বিশেষ কার্যক্রম চলবে বলে জানানো হয়।