নিট কেলেঙ্কারির প্রতিবাদে দিল্লিতে রণক্ষেত্র সংসদ ছাড়লেন মোদি
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) জালিয়াতি ও প্রশ্নফাঁসের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে নয়াদিল্লি। সোমবার (২০ জুলাই) দেশটির শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ‘সংসদ চলো’ কর্মসূচি পালনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।বিক্ষোভকারীরা সংসদ ভবন অভিমুখে পদযাত্রা শুরু করলে নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়েন। একপর্যায়ে ব্যারিকেড ভেঙে সংসদ এলাকার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।সংসদ অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভবনের ভেতরে অবস্থান করছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশেষ নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গাড়িবহর সংসদ এলাকা ত্যাগ করে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, সংসদ চত্বর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কয়েক দফায় কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। মধ্য দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় যান চলাচল ব্যাহত হয়।নিরাপত্তার স্বার্থে কয়েকটি মেট্রো স্টেশনের প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পাশাপাশি সংসদ এলাকা ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়।পুলিশের দাবি, কর্মসূচির জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি এবং নিষেধাজ্ঞা অমান্য করে জমায়েত করা হয়েছে। তবে আন্দোলনকারীদের অভিযোগ, তারা আগে থেকেই কর্মসূচির বিষয়ে প্রশাসনকে জানিয়েছিলেন এবং শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে।
বিক্ষোভের মধ্যেই আন্দোলনকারীদের পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনার দাবি জানানো হয়েছে। তবে সরকারিভাবে এ বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা পাওয়া যায়নি।