শুক্রবার, ০৮ মে ২০২৬
চেকপোস্ট

সৌদির কঠোর হজ বিধিমালা মেনে চলার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব যে নতুন হজ বিধিমালা জারি করেছে, তা মেনে চলতে বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।বৃহস্পতিবার (৭ মে) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি সরকার দাপ্তরিক অনুমতি ছাড়া হজ পালনের উদ্যোগের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান যুক্ত করেছে। বিশেষ করে সৌদিতে বসবাসকারী বিদেশি নাগরিক ও ভিজিট ভিসাধারীদের ক্ষেত্রে এই বিধান আরও কঠোরভাবে কার্যকর হবে।ধর্ম মন্ত্রণালয় জানায়, ১৪৪৭ হিজরি সালের হজ উপলক্ষে জারি করা নতুন বিধিমালায় অবৈধভাবে হজ পালনের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশত্যাগে বাধ্য করা হতে পারে। পাশাপাশি সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সৌদি আরবে পুনরায় প্রবেশ নিষিদ্ধ হতে পারে।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈধ অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে।এছাড়া অবৈধ হজযাত্রী পরিবহন, আবাসনের ব্যবস্থা বা অন্য যেকোনো ধরনের সহায়তা প্রদানকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট যানবাহন বাজেয়াপ্ত করা হতে পারে।নতুন বিধান অনুযায়ী, কেবল দাপ্তরিকভাবে অনুমতিপ্রাপ্ত হজযাত্রীরাই মক্কা ও অন্যান্য পবিত্র স্থানে প্রবেশ করতে পারবেন। ধর্ম মন্ত্রণালয় সকল বাংলাদেশিকে সৌদি আরবের হজ সংক্রান্ত আইন ও নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে।

সৌদির কঠোর হজ বিধিমালা মেনে চলার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের