রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

দ্রব্যমূল্য ও লোডশেডিংয়ের প্রতিবাদে রাঙ্গামাটিতে ১১ দলীয় জোটের স্মারকলিপি

গ্যাস সংকট, অব্যাহত লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং প্রয়োজনীয় ভর্তুকি পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা শাখা।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে স্মারকলিপি গ্রহণ করেন।বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা সেক্রেটারি মনছুরুল হকের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙ্গামাটি জেলা সভাপতি আব্দুস সালাম, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস রাঙ্গামাটি জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী রাঙ্গামাটি সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, এনসিপির রাঙ্গামাটি জেলা আহ্বায়ক রাকিবুল ইসলামসহ ১১ দলীয় জোটের নেতারা।স্মারকলিপিতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা, লোডশেডিং নিরসন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় ভর্তুকি পুনর্বহালের দাবি জানানো হয়।এ সময় নেতারা বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়ছে। জনদুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা সেক্রেটারি মনছুরুল হক বলেন, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে। একদিকে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে জ্বালানি ও বিদ্যুতের বাড়তি বিল মানুষের স্বাভাবিক জীবনযাপনকে কঠিন করে তুলেছে। জনস্বার্থে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

দ্রব্যমূল্য ও লোডশেডিংয়ের প্রতিবাদে রাঙ্গামাটিতে ১১ দলীয় জোটের স্মারকলিপি