খালেদা জিয়ার জন্মদিনে জাবিপ্রবিতে বিশেষ দোয়া, স্মরণে রাজনৈতিক সংগ্রাম
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৬ আগস্ট) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের লবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমির হোসেন। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করেন।ভাইস চ্যান্সেলর বলেন, বেগম খালেদা জিয়া তাঁর জীবন বাংলাদেশ ও দেশের মানুষের কল্যাণে উৎসর্গ করেছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন।অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের জন্যও দোয়া করা হয়।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারওয়ার জাহানের সঞ্চালনায় মোনাজাত পরিচালনা করেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ আসলাম।মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তরপ্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।