কুড়িগ্রামে আশ্রয়ন প্রকল্পে কোটি টাকার অপচয়! পরিত্যক্ত ঘর দখল, বাসিন্দাদের দুর্ভোগ চরমে
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমার গ্রামে গৃহহীন ও নিম্নআয়ের মানুষের জন্য নির্মিত সরকারি ‘আশ্রয়ন প্রকল্প’ এখন চরম অব্যবস্থাপনা ও অবহেলার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের অধিকাংশ ঘর বর্তমানে পরিত্যক্ত পড়ে আছে, কিছু ঘরে ঝুলছে তালা, আবার কিছু দখল করে গড়ে তোলা হয়েছে গুদাম।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে উপকারভোগীদের মধ্যে ঘরের চাবি, দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই অনেক পরিবার প্রকল্প ছেড়ে চলে যাওয়ায় ঘরগুলো ফাঁকা পড়ে থাকে। ফলে রক্ষণাবেক্ষণের অভাবে ঘরগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে।অভিযোগ রয়েছে, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে ঘরগুলো টেকসই হয়নি। দরজা-জানালা খুলে নেওয়া হয়েছে, দেয়ালে ফাটল দেখা দিয়েছে। নিচু জমিতে নির্মাণ করায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়, যা বসবাসকে দুর্বিষহ করে তুলেছে।বাসিন্দা কালাম হোসেন ও বাদশা মিয়া জানান, বৃষ্টির সময় পুরো এলাকা কাদা-পানিতে ডুবে যায়, ফলে চলাচল করাই কঠিন হয়ে পড়ে। অন্যদিকে, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত জয়নাল আবেদীন ও হজরত আলী অভিযোগ করেন, প্রকল্পে ফাঁকা ঘর থাকা সত্ত্বেও নতুন করে বরাদ্দ দেওয়া হচ্ছে না।জলাবদ্ধতার কারণে পয়োনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। ট্যাংক উপচে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠেছে। তদারকির অভাবে ঘরের দরজা-জানালা চুরির ঘটনাও ঘটছে।স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কার ও পুনর্বাসনের ব্যবস্থা না নিলে প্রকল্পটি পুরোপুরি অকার্যকর হয়ে পড়বে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। ইতোমধ্যে সরেজমিন পরিদর্শন করা হয়েছে এবং অবকাঠামোগত সমস্যা ও রক্ষণাবেক্ষণের ঘাটতি চিহ্নিত করা হচ্ছে। দ্রুত সংস্কার ও প্রকৃত উপকারভোগীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।