সোমবার, ২৫ মে ২০২৬
চেকপোস্ট

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই

মানিকগঞ্জ-এর ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান এলাকায় অক্সিজেনবাহী লরির সঙ্গে সংঘর্ষের পর দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে কোনো প্রাণহানি না ঘটলেও বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং যাত্রীদের মালামাল আগুনে ভস্মীভূত হয়েছে।সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মূলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে ঢাকাগামী তরল অক্সিজেন ভর্তি গ্যাসবাহী লরির পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষের পর লরি থেকে গ্যাস লিকেজ হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পরই বাসটিতে আগুন ধরে যায়।মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। কেউ কেউ জানালার কাচ ভেঙে বের হয়ে প্রাণ বাঁচান। এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।দুর্ঘটনার পর প্রায় আধাঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মানিকগঞ্জ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দীন জানান, তিনটি ইউনিট ও ১৫ জন সদস্য প্রায় ৪০ থেকে ৫০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে মানিকগঞ্জ সদর থানা-এর ওসি মো. ইকরাম হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও লরিকে গোলড়া হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই