উপজেলা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ৩ ও ৬ মাসের কোর্সে ভর্তি শুরু
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা-এ উপজেলা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ৩ মাস ও ৬ মাস মেয়াদী কম্পিউটার কোর্সে ভর্তি কার্যক্রম চলছে। তথ্যপ্রযুক্তি শিক্ষায় তরুণদের দক্ষ করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।উপজেলা প্রশাসনের আওতাধীন এ প্রশিক্ষণ কেন্দ্রে সরকারি ও বেসরকারি মানদণ্ড অনুযায়ী বেসিক ও অ্যাডভান্স কোর্স পরিচালিত হচ্ছে। বিশেষভাবে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ২৬% ছাড়ের সুবিধাও রাখা হয়েছে।বেসিক ৩ মাস কোর্সে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ও ইমেইল ব্যবহারের মতো মৌলিক দক্ষতা শেখানো হচ্ছে। অন্যদিকে অ্যাডভান্স ৬ মাস কোর্সে গ্রাফিক ডিজাইন, ডাটাবেস ম্যানেজমেন্টসহ উন্নত প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হবে।প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যূনতম জেএসসি বা এসএসসি পাস শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। কোর্স শেষে মূল্যায়নের ভিত্তিতে সার্টিফিকেট প্রদান করা হবে, যা চাকরি ও ফ্রিল্যান্সিংয়ে সহায়ক হবে।প্রশিক্ষক উত্তম কুমার বলেন, বর্তমান যুগে প্রতিটি চাকরির ক্ষেত্রেই কম্পিউটার দক্ষতা অপরিহার্য, তাই স্বল্প খরচে মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করাই মূল লক্ষ্য।
আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত উপজেলা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করে ভর্তি সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে, কারণ আসন সীমিত।